মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও ওষুধ উদ্ধার করেছে বিজিবি। এছাড়া, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার ও গত শুক্রবার দিবাগত রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) নতুনপাড়া বিওপি, মাধবখালী বিওপি ও গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণা এলাকার পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার ও ছয়জনকে আটক করা হয়। গতকাল বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে নতুনপাড়া বিওপির সীমান্ত পিলার ৬৬/২-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা। এসময় একটি লিচু বাগান থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়। একই দিনে বিকেল ৪টা ১৫ মিনিটে মাধবখালী বিওপির সীমান্ত পিলার ৭১/৫-এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামে অভিযান চালিয়ে একটি আম বাগান থেকে ৫৯ বোতল ভারতীয় ফেনিসিডিল উদ্ধার করা হয়। এর আগে বেলা ১টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে গয়েশপুর বিওপির সীমান্ত পিলার ৬৯ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর উত্তরপাড়া গ্রামের অপর একটি আমবাগান থেকে ৩ হাজার ৭৩০ পিস ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।

এছাড়াও, গতকাল মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর বিওপির নিয়মিত টহলের সময় ছয়জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন