আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া গ্রামে কৃষক আহমদ আলী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী ও নিহত আহমদ আলীর বড় ভাই গোলাম রসুল। তিনি অভিযোগ করেন, ‘২০২৪ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের গ্রামের আনসার আলী ও ফরিদের নেতৃত্বে ৪০-৫০ জন আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।’
তিনি আরও জানান, পরদিন আলমডাঙ্গা থানায় আনসার আলী, ফরিদ আহমেদসহ ৩৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু এরপর থেকেই মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ভয়ভীতি দেখাচ্ছে।
গোলাম রসুল বলেন, ‘হত্যা মামলার আসামিরা সম্প্রতি নিজেদের নির্দোষ দাবি করে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। আমি সেই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী আকলিমা খাতুন, মেয়ে শারমিন আক্তার, শিশু সন্তান আয়শা (৬) ও মাসুরা (৩), ভাই মোহাম্মদ আলী, ভগ্নিপতি বাদল হোসেন, ভাগ্নে আব্দুল হালিমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন