দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নতিপোতা বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। এসময় সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে স্মৃতি পদকপ্রাপ্ত মনিরুজ্জামান মনিরকে নতিপোতা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান টুনু। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহসভাপতি আনিসুজ্জামান বিশ্বাস, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আল মাসুম বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান মনির বলেন, ‘ক্লান্ত হলেও হাসিমুখে সবার সঙ্গে কথা বলেছি, কখনো বিরক্ত হইনি। এ অর্জন শুধু আমার নয়, আপনাদের সবার।’ তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনের আগেই জনগণের গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। বিএনপিকে শক্তিশালী করতে হলে মাহমুদ হাসান খান বাবুর হাতকে শক্তিশালী করতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করেই বিএনপিকে এগিয়ে নিতে হবে।
সমীকরণ প্রতিবেদন