শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতা তারেক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতা তারেক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেককে (৩৬) গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা শহরের কবরী রোডে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, তারেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কাছে গোপনে ঘোরাফেরা করছিলেন তারেক। বিষয়টি স্থানীয় কয়েকজন যুবকের নজরে এলে তারা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তাকে চড়-থাপ্পড় দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট সকাল ১০টায় চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগ রয়েছে তারেকের বিরুদ্ধে। ওই দিন কোর্ট মোড়ে বাংলা মেডিকেলের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে তারেকসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এতে কয়েকজন ছাত্র-ছাত্রী গুরুতর আহত হয়। হামলার পরপরই তারেক আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় গত ১৯ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় তারেকসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত তারেক চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝের পাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে।



কমেন্ট বক্স