মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন বিএনপির (খ) ইউনিটের গাঁড়াডোব শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গাঁড়াডোব গ্রামের কাছারি বাজারে বিএনপির কার্যালয়ে ১ হাজার অসহায় ও দুস্থ মানুষের হাতে নিজ অর্থায়নে কম্বল তুলে দেন গাঁড়াডোব গ্রামের কৃতী সন্তান ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক) আনোয়ার হোসেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান আখের।
প্রধান অতিথির বক্তব্যে আখেরুজ্জামান আখের বলেন, ‘আমাদের গাঁড়াডোব গ্রামের কৃতী সন্তান আনোয়ার হোসেনের এই মহৎ উদ্যোগ প্রশংসনীয়। তিনি সবসময় এলাকার উন্নয়নে অবদান রাখেন। ভবিষ্যতেও তার এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি।’ এসময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এদিকে, শীতবস্ত্র পেয়ে এলাকার অসহায় ও দুস্থ মানুষজন আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমীকরণ প্রতিবেদন