শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় যন্ত্রের মাধ্যমে ধান রোপণের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২৫ ইং
আলমডাঙ্গায় যন্ত্রের মাধ্যমে ধান রোপণের উদ্বোধন

আলমডাঙ্গায় সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের (যন্ত্র) মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে রবি মৌসুমে বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন করা হয়।


উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রাসায়নিক সারের ব্যবহার না করে সামান্য জৈব সারের ব্যবহারে খরচ কমে যাচ্ছে। প্লাস্টিকের ট্রে-তে বীজতলা করায় ধানের চারা উত্তোলন, রোপণ, ফসল মাড়াই ও সবই একযোগে করা যাবে। উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধানের বীজ ব্যবহার করায় ১৪০ থেকে ১৪৫ দিনের মধ্যে ফসল তোলা সম্ভব। ধান চাষে কৃষকদের শ্রমিক সংকট নিরসন, সময় অপচয়রোধ ও অতিরিক্ত খরচ রোধে সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় টাঙ্গাইলের দেলদুয়ার ও ধনবাড়ি উপজেলায় 'সমলয়' চাষ পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। ফলে কৃষিতে খুলছে এক নতুন দুয়ার।’

আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ভোদুয়ায় কৃষক গ্রুপের মাধ্যমে সমলয় পদ্ধতিতে ব্রি ৯২ জাতের ধান চাষ করা হচ্ছে, যার বাস্তবায়ন করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সাবিনা আক্তার, ডাঙ্গার সদর উপজেলা কৃষি অফিসার আপিল নিদ আজিজ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন।



কমেন্ট বক্স