জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে জনআকাঙ্খার কথা নিয়ে আসতে এবং সকল শ্রেণির জনগণকে ঐক্যবদ্ধ করতে ও রাষ্ট্রীয় সেবা সম্পর্কিত তাদের অভিমত জানতে চুয়াডাঙ্গা জেলায় জনসংযোগ কার্যক্রম চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সোমবার সকাল থেকে দিনব্যাপী জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে জনসংযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

প্রথমে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সঙ্গে বৈঠক করেন তারা। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে যেয়ে কর্মকর্তা ও জনসাধারণের সাথে মতবিনিময় করেন তারা। এসময় সাধারণ জনগণ রাষ্ট্রীয় সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সম্পর্কে তাদের প্রত্যাশার বিষয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্যসচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব রেজাউল বাসার প্লাবন, ফাহিম, সৈকত, শিমুল, শান্ত এবং জীবননগর উপজেলা থেকে উপস্থিত ছিলেন সোহেল পারভেজ, হাসানুজ্জামান, আহাদ, সাইফুল, হৃদয়, হ্যাপি, শোভা, নাঈম, তুষার, ফয়সাল, আবু সাঈদ, শামীম, শাহরিয়ার জয়সহ অনেকে।
সমীকরণ প্রতিবেদন