ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভাধীন জোড়াপুকুরিয়া গ্রামের মাঠে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন ও মাটি বিক্রয়ের অপরাধে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম. তারিক-উজ-জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জোড়াপুকুরিয়া গ্রামের মাঠে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বি.এম. তারিক-উজ-জামান। এসময় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা সংশোধিত আইন ২০২৩’ এর ১৫(১) ধারায় চতুর আলীর ছেলে রাতিকুল ইসলাম ও তিজারত মন্ডলের ছেলে ভোলা মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জরিমানার টাকা পরিশোধের পাশাপাশি অভিযুক্তদের থেকে, আর কখনও জমি থেকে মাটি কেটে বিক্রি না করার মর্মে মুচলেকা আদায় নেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসারের প্রধান অফিস সহকারী এএম ইউনুস আলী, গ্রোসেস সার্ভার মঞ্জু মিয়া ও থানা পুলিশ অফিসারসহ একটি দল। এছাড়া গত শুক্রবার তিনি সরকারি আইন অমান্য করায় ১৮৮ ধারায় অপর এক ব্যক্তিকে এক হাজার চারশত টাকা জরিমানা করেন।
সমীকরণ প্রতিবেদন