চুয়াডাঙ্গা সদর উপজেলা দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নে গৃহবধূ কমলা খাতুন (৩০) ও বৃদ্ধা খদেজা খাতুনের (৬০) আত্মহত্যার অভিযোগ উঠছে। গতকাল রোববার পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। কমলা খাতুন ইউনিয়নের হুলিয়ামারী গ্রামের রাশিদুলের স্ত্রী এবং খদেজা খাতুন একই ইউনিয়নের বলদিয়া গ্রামের কাজলাপাড়ার বাসিন্দা। দুজনেই নিজ নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তাদের পরিবার।
প্রতিবেশীরা জানান, সাংসারিক বিষয় নিয়ে কমলা খাতুনের বাড়িতে সবসময় ঝগড়া লেগে থাকতো এবং তাকে মারধরও করা হতো। স্থানীয় অপর এক ব্যক্তি জানান, কমলা দীর্ঘদিন ধরে পেটের অসুখে ভুগছিলেন, এটাও তার সংসারে অশান্তির একটি কারণ। এর জেরে কমলা আত্মহত্যা করতে পারেন।
এদিকে খদেজার পরিবারসহ প্রতিবেশীরা বলেন, বৃদ্ধা খদেজা মানুসিকভাবে অসুস্থ ছিলেন। প্রায়ই হারিয়ে যেতেন তিনি। গত শনিবারও তিনি হারিয়ে গিয়েছিলেন, পরে এলাকার বিভিন্ন মসজিদে মাইকিং করে তাকে খুঁজে পাওয়া যায়। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন, তা তারা জানেন না।
এ বিষয়ে ক্যাম্প ইনচার্জ মাহমুদ হাসান বলেন, ‘মৃত্যুর সঠিক করণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।’ দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ফলে তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় বৃদ্ধা খদেজার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’
সমীকরণ প্রতিবেদন