দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাসে সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম (৫৮) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা একটার দিকে চন্দ্রবাস তেঁতুলতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত বগা মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠবোঝাই পাওয়ার ট্রিলারে নুর ইসলাম ও চালকসহ দুজন ছিলেন। পাওয়ার ট্রিলারটি কার্পাসডাঙ্গার দিক থেকে আটকবর অভিমুখে যাচ্ছিল। এসময় হঠাৎ কাঠবোঝাই পাওয়ার ট্রিলারের সামনের এক্সেল কেটে গেলে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। পরে আহত নুর ইসলামকে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে মেহেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহতের ছেলে জানান, ‘বছরের প্রথম দিনেই এমন একটি দুর্ঘটনা ঘটে গেল আমাদের পরিবারের ওপর দিয়ে। বাবা ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। সড়ক দুর্ঘটনায় প্রাণ চলে গেল আমার বাবার। যদি কাঠ আনতে না যেত! তাহলে হয়ত আমার বাবার আজকে মৃত্যু হত না। আমার বাবার মতো আর যেন কারো সড়ক দুর্ঘটনায় মৃত্যু না হয়।’
সমীকরণ প্রতিবেদন