‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় পেশাগত গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা বিআরটিএর মোটরযান পরিদর্শক আবু জামালের সভাপতিত্বে এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুর ইসলাম, মেডিকেল ডা. সাজিদ হাসান ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন ও কোর্ট ইন্সপেক্টর মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরটিএর সিল ম্যাকানিক ও ড্রাইভিং প্রশিক্ষক জাকির হোসেন।
আয়োজকরা জানান, কর্মশালায় চুয়াডাঙ্গা সার্কেলের শতাধিক পেশাজীবী গাড়ি চালককে প্রশিক্ষণ প্রদান এবং দক্ষতা যাচাই করা হয়। এতে স্বাস্থ্যসমস্যা এবং গাড়ি চালনাকালীন ঝুঁকি মোকাবিলা, ট্র্যাফিক আইন, ট্র্যাফিক সাইন, সিগন্যাল ও লেনবিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং সড়কে নিরাপদে মোটরযান চালানোসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী ও বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুর ইসলাম সড়কে দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এসময় বক্তারা বলেন, সাবধানে গাড়ি চালানোর কোনো বিকল্প নেই। দ্রুতগতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। কারণ একজন চালককে যাত্রীদের সাথে সাথে পথচারীদেরও নিরাপদ রাখতে হয়। এজন্য বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। এতে অনেক প্রাণ বেঁচে যাবে। শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী চালকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।
সমীকরণ প্রতিবেদন