ঝিনাইদহে উন্নত পদ্ধতিতে খেজুর গাছের পরিচর্যা, নিরাপদ রস সংগ্রহ ও গুড় উৎপাদন বিষয়ক কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলা অডিটরিয়ামে জেলার ১০০ জন উদ্যোক্তা ও খেজুর গাছীকে প্রশিক্ষণ দেওয়া হয়। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট পাবনা’র আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসআরআই এর মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন হেরিটেজ বাংলাদেশের মহাপরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহিদা থান, ডিএই হর্টিকালচার উইং-এর পরিচালক কৃষিবিদ এস এম সোহরাব উদ্দিন, ডিএই যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ড. মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন বলেন, খেজুরের গুড় ও রসের জন্য ঝিনাইদহ জেলার সুনাম সারা দেশে। মানসম্মত গুড় তৈরিতে উন্নত পদ্ধতিতে খেজুর গাছের পরিচর্যা, নিরাপদ রস সংগ্রহ ও গুড় উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা। তিনি আরও বলেন, নিরাপদ গুড়ের জন্য নিরাপদ রসের প্রয়োজন। খেজুর গাছের মিষ্টি রসের কারণে বিভিন্ন সময় দিনে-রাতে পাখ-পাকালি ও সরিসৃপ জাতীয় প্রাণীর আনাগোনা থাকে। এসকল প্রাণীর জীবাণু থেকে নিরাপদ রস ও গুড় উৎপাদন করতে উন্নত ও নিরাপদ পদ্ধতি অবলম্বন করতে হবে। অনুষ্ঠান শেষে জেলার সর্বোচ্চ খেজুর গাছ রোপনকারী গাছী ও উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।
সমীকরণ প্রতিবেদন