মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে এক ব্যবসায়ীর মুদি দোকানের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্ত উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া দয়েরপাড়া গ্রামের আশরাফুলের ছেলে রতন আলীর (৩৫) মুদি দোকানের সামনে থেকে এই দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয় জানান, রতন আলীর দোকানের সামনে মশারির জালের ব্যাগের মধ্যে বোমা সদৃশ বস্তু উদ্ধার হয়েছে ,এমন সংবাদ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান দুটি বোমার সদৃশ বস্তু রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে। এ ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে।
রতন আলীর বাবা আশরাফুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ করে দোকান খুলতে গিয়ে দেখি দোকানের দরজার সাথে একটি মশারির ব্যাগের মধ্যে দুটি বোমা সদৃশ বস্তু রয়েছে। বিষয়টি দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে। এই ঘটনায় আমরা পরিবারের সকলে আতঙ্কে রয়েছি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেণ, মুদি দোকানের সামনে দুটি বোমা সদৃশ বস্তু রাখা হয়েছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভয়-ভীতি দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা বোমা সদৃশ বস্তুটি রেখে যেতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, গত বুধবার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি বাজারে দিনের বেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
সমীকরণ প্রতিবেদন