আলমডাঙ্গা পৌরসভার সামনের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে (IUGIIP) প্রকল্পের আওতায় ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক শেখ মেহেদী ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, সহকারী প্রকৌশলী ইমতিয়াজ সজল, উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম।
পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলাম বলেন, ‘আলমডাঙ্গা পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা। পৌরসভার প্রতিটি রাস্তা, ড্রেনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা অব্যাহতভাবে করে যাচ্ছি। আশা করছি, পৌর নাগরিকরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবেন না।’ তিনি জানান, বর্তমানে সাত কোটি ছেষট্টি লাখ টাকার চুক্তিমূল্যে ৪টি রাস্তা ও ৩টি ড্রেন নির্মাণ কাজ চলছে। এ ছাড়া আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান বলেন, ‘(IUGIIP) প্রকল্পের মাধ্যমে আলমডাঙ্গা পৌরসভায় টেকসই উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
সমীকরণ প্রতিবেদন