রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা কোর্ট এলাকা থেকে দুদিনে দুই ইজিবাইক চুরি

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৪ ইং
চুয়াডাঙ্গা কোর্ট এলাকা থেকে দুদিনে দুই ইজিবাইক চুরি

চুয়াডাঙ্গা শহরের কোর্ট এলাকা থেকে পরপর দুই দিনে দুটি ইজিবাইক চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ চালকরা অভিযোগ করেছেন, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। গত সোমবার সকাল ১০টার দিকে কোর্ট মোড় আইনজীবী ভবনের সামনে থেকে মোহাসিন আলী নামের এক চালকের ইজিবাইক চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ ঘটনায় সোমবারই ভুক্তভোগী ইজিবাইক চালক চুয়াডাঙ্গায় সদর থানায় লিখিত অভিযোগ করেন।

এদিকে, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কোর্ট চত্বর বটতলা থেকে চুরি হয় আরও একটি ইজিবাইক। দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি গ্রামের ইজিবাইক চালক রেজাউল ইসলাম পাঁচ মিনিটের মধ্যে তার ইজিবাইকটি হারান। ইজিবাইক চালক রেজাউল জানান, কোর্ট চত্বর বটতলায় ইজিবাইকটি রেখে পাঁচ মিনিটের জন্য তিনি একটি কাজে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন সেখানে তার ইজিবাইকটি আর নেই। এসময় বিভিন্ন স্থানে খুঁজেও ইজিবাইকের সন্ধান পাননি। এ ঘটনায় গতকালই তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ইজিবাইক চালক মোহাসিন আলী বলেন, ‘শহরের বড় বাজার থেকে দুইজন যাত্রী ইজিবাইকটি ভাড়া করেন। তাদের গন্তব্য ছিল চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স। ইজিবাইক নিয়ে কোর্ট মোড়ে পৌঁছালে দুজনের মধ্যে এক যাত্রী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নামার কথা বলেন। আমি সেখানে তাকে নামিয়ে দিই। এরপর অপর যাত্রীকে পুলিশ লাইন্সে পৌঁছে দিতে পুলিশ সুপার কার্যালয়ের গলি থেকে কোর্ট রোডে উঠি। আইনজীবী ভবনের সামনে পৌঁছালে তিনি বলেন, অপর যাত্রীও পুলিশ লাইন্সে যাবেন। আপনি দেখেন তিনি আসছেন কিনা। এসময় আমি রাস্তা পার হয়ে এসপি গলিতে পৌঁছানোর আগেই পেছনে তাকিয়ে দেখি ইজিবাইকটি সেখানে নেই। এসময় পুরো কোর্ট মোড় তন্ন তন্ন করে খুঁজে ইজিবাইক ও দুই যাত্রীকে পাইনি। তারা ইজিবাইকটি চুরি করার জন্যই পুলিশ লাইন্সে যাওয়ার নাটক সাজিয়েছিল। ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়া দুজন চেনামুখ নয়। তবে দেখলে চিনতে পারব।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘একজন সাব ইন্সপেক্টর ঘটনার তদন্ত শুরু করেছেন। ইজিবাইক চুরি চক্রের সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে।’ এসময় তিনি এ ধরনের ঘটনা এড়াতে চালকদের সতর্ক থাকার জন্য আহ্বান করেন।



কমেন্ট বক্স