চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ সকল তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে আগামী ২৩ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের সকল গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। একইসঙ্গে ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার সকল গণপরিবহনও বন্ধ করে দেওয়া হবে বলে আল্টিমেটাম দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সংগঠনটির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্য পাঠ করেন চুয়াডাঙ্গা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম। তিনি বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাইরের কোনো অবৈধ যান চলতে পারবে না। অন্য কোনো উপজেলার অবৈধ যানবাহনও পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না। এছাড়া প্রতিটি উপজেলার ইজিবাইক আলাদা রঙের হতে হবে, যাতে দেখে সহজেই বোঝা যায় কোন উপজেলার যানবাহন এটি।
শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম বলেন, আগে একরকম মোটামুটি ঠিক ছিল সবকিছু। ৫ আগস্টের পর থেকে সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব তিন চাকার অবৈধ যান। এতে বাস মালিকরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। তাই বাধ্য হয়ে ২৩ ডিসেম্বর থেকে জেলার পাঁচটি অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হবে। দাবি মানা না হলে আগামী সোমবার থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সকল লোকাল বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে দূরপাল্লার বাসও বন্ধ করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম বকুল, সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন মুক্তা, বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম। নেতৃবৃন্দ এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে অবৈধ যানবাহন বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সমীকরণ প্রতিবেদন