চুয়াডাঙ্গায় ‘আর্তের সেবায় আমরা একটি পরিবার’-এর উদ্যোগে শীতবস্ত্র, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা ভি জে উচ্চবিদ্যালয়ের অডিটরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভার পর শীতবস্ত্র, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ডা. সাউথ কবীর মালিক জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ভি জে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভি জে উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আব্দুল মোতালেব, অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক মাসেদুর রহমান, শিক্ষক মোমিনুল ইসলাম খান ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এসময় প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আক্তারুজ্জামান তুহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. নূর আলম আকাশ।

অনুষ্ঠানের শুরুতে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ভি জে উচ্চবিদ্যালয়ের ৯৬তম ব্যাচের ছাত্র অস্ট্রেলিয়া প্রবাসী কামরুজ্জামান কামরুল। এসময় তিনি বলেন, ‘শিক্ষকরা আমাদের কাছে পিতৃতুল্য। স্কুলে পড়ার সময়, পড়া না হলে, দুষ্টুমি করলে শিক্ষকরা আমাদের চুল ধরে টান দিতেন। আমাদের সাফল্যের মূলে রয়েছে শিক্ষকদের সেই আদরমাখা শাসন।’
এসময় তিনি আরও বলেন, ভি জে স্কুলে অধ্যায়নরত অবস্থায় ৯৬ ব্যাচের বন্ধুরা মিলে সাক্ষাৎ নামে একটি সংগঠন গড়ে তোলেন। সেই ‘সাক্ষাৎ’ এবং অ্যালায়েন্স লেদার গুডস্ অ্যান্ড ফুটওয়্যার লিমিটেডের যৌথ উদ্যোগে ‘আর্তের সেবায় আমরা একটি পরিবার’-এর শীতবস্ত্র, হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। এসময় তিনি বলেন, গত কয়েকদিন ধরে অসহায় হতদরিদ্রদের কাছে প্রায় ৫ শ জনকে শীতবস্ত্র, ৩টি হুইল চেয়ার ও ৫টি সেলাই মেশিন দেওয়ার জন্যে টোকেন বিলি করেন তারা। প্রায় শতভাগ উপস্থিতিতে তাদের এই কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ হয়।
সমীকরণ প্রতিবেদন