ঝিনাইদহ শহরের কাঞ্চননগর মডেল স্কুলপাড়ায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। গতকাল শুক্রবার ভোরে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল এবং একটি শুটারগান। যৌথ বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট হিরন চেয়ারম্যানের মৃত্যুর পর তার বাসায় লুটপাট হয়। এসময় তার দলের লোকজন ও দুর্বৃত্তরা অনেক অস্ত্রশস্ত্র নিয়ে যায়। লুণ্ঠিত এই অস্ত্র দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে বলে ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্পে এলাকাবাসীর মাধ্যমে জানা যায়।
এছাড়া নিরাপত্তার জন্য দুর্বৃত্তরা অস্ত্র হাতবদল করে রাখছে বলেও গোয়েন্দা তথ্য পাওয়া যায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের সুরক্ষার অংশ হিসেবে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সমীকরণ প্রতিবেদন