ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রলির ধাক্কায় এসব মৃত্যু ঘটে। নিহতরা হলেন- উপজেলার বনখির্দ্দা গ্রামের ইব্রাহিম মিয়ার স্ত্রী মৌসুমি খাতুন (৩৫) ও ইজিবাইক চালক ফিরোজ হোসেন (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মৌসুমি আক্তার উপজেলার চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথে মোবারকগঞ্জ চিনিকলের মল্লিকনগর এলাকায় চিনিকলের একট ট্রাক্টর ট্রলি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় ইজিবাইকের চালক ফিরোজ হোসেনকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, মৌসুমি আক্তারকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিন হোসেন জানান, এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তোফাজ্জল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানূগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সমীকরণ প্রতিবেদন