বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পথসভা ও লিফলেট বিতরণ করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ স্থান বড় বাজারে এই পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন। তিনি বলেন, ‘তারেক রহমানের উপস্থাপিত এই ৩১ দফা দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এই দফাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরছি, যাতে তারা দেশের কল্যাণে এগিয়ে আসেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান, ওমর ফারুক লিটন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান লাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, জেলা যুবদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাড. এহান উদ্দিন মনা, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান স্বপন, জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি। পথসভা ও লিফলেট বিতরণে জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন।
সমীকরণ প্রতিবেদন