আসন্ন শুভ বড়দিন উপলক্ষে বিভিন্ন গীর্জা পরিদর্শন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। গতকাল বুধবার দুপুর ১২টায় পুলিশ সুপারের সম্মেলনকক্ষে গীর্জার পুরোহিত, পালক, সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের নিয়ে বড়দিন সুষ্ঠুভাবে উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। মতবিনিময় শেষে বেলা দুইটা থেকে চুয়াডাঙ্গার বিভিন্ন গীর্জা পরিদর্শন করেন পুলিশ সুপার। এসময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
পুলিশ সুপার বলেন, ‘বড়দিন উদ্যাপন নির্বিঘ্ন করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। সর্বোচ্চ সেবা প্রদানে জেলা পুলিশ বদ্ধপরিকর। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর পরিবেশে বড়দিন উদ্যাপন করতে পারেন, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরসহ গীর্জার পুরোহিত, পালক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন