‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে সেবা সপ্তাহ ও চাকরি মেলার আয়োজন করে ঝিনাইদহ সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
টিটিসি'র অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি থেকে বক্তব্য দেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বকুল চন্দ্র কবিরাজ, বিসিক’র উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান ও ডিইএমও সহকারী পরিচালক সামিউল ইসলাম।
সভায় অধ্যক্ষ রুস্তম আলি জানান, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১২ ডিসেম্বর থেকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে। সপ্তাহের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা, শোভাযাত্রা, জেলা পর্যায়ে আলোচনা সভা, চাকরি মেলা, মাইকিং ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
সমীকরণ প্রতিবেদন