মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামে ইসারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির গরুর খামারের সামনে থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও তিন লাখ টাকা চাঁদা দাবি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বোমা সাদৃশ্য দুটি বস্তু ও চাঁদা দাবি সম্বলিত ঠিকানা বিহীন একটি চিরকুট গাংনী থানা পুলিশের একটি দল উদ্ধার করে। ইসারুল ইসলাম হিজরলবাডিয়া গ্রামের মোল্লাপাড়ার আব্দুল মালেকের ছেলে।
ইসারুল ইসলাম জানান, রাতের আঁধারে কে বা কারা বোমা সাদৃশ্য দুটি বস্তু ও চিরকুট রেখে গেছে তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা শুরু করেছে পুলিশ।’
সমীকরণ প্রতিবেদন