রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বলসুন্দরী কুল

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০২৪ ইং
জীবননগরের বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বলসুন্দরী কুল

জীবননগরে বাণিজ্যিকভাবে বলসুন্দরী কুলের চাষ করছেন কৃষি উদ্যোক্তা মনিরুল ইসলাম। এ বছর আবহাওয়া ভালো থাকায় গাছে অনেক ফল এসেছে। আবার দামও ভালো। তাই তিনি এবছর ৯ বিঘা জমি থেকে ১২ লাখ টাকার কুল বিক্রির স্বপ্ন দেখছেন।
জানা গেছে, ২০২৪ সালের শুরুর দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের মাঠে ৯ বিঘা জমি লিজ নিয়ে বলসুন্দরী কুল চাষ করেন মনিরুল ইসলাম। যশোরের একটি নার্সারি থেকে চারা সংগ্রহ করেছিলেন তিনি। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় তিনি ১২ লাখ টাকার কুল বিক্রি করতে পারবেন বলে প্রত্যাশা করছেন।
মনিরুল ইসলাম বলেন, জমি লিজের টাকা দেওয়া ও চারাগুলো বাগানে পৌঁছানো, লাগানো, সার ও পরিচর্যাসহ সবমিলে প্রায় বিঘা প্রতি ৫০ হাজার টাকা করে খরচ হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বাগানের কুল কেনার জন্য বাগান পরিদর্শন করেছেন। এ বছর ১০০ টাকা কেজি দরে পাকা কুল বিক্রি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী মো. আ. রাজ্জাক বলেন, ‘এ বাগানের কুল সুমিষ্ট হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে। এবছরও বাগানটি কিনতে দেখতে এসেছি। স্থানীয় আরেক ব্যবসায়ী সোলাইমান হোসেন বলেন, মনিরুল ইসলাম নিজেই একজন ফল ব্যবসায়ী। তারপরও আমরা কুল বাগানগুলো কিনতে বাগান ঘুরে দেখেছি। বাগানের মালিকের সঙ্গে দর-দামে মিলে গেলে পুরো কুল বাগানগুলো কিনে নেব।’
সীমান্ত ইউনিয়নে দায়িত্ব থাকা উপসহকারী কৃষি অফিসার মো. রাজিব হোসেন বলেন, মনিরুল ইসলাম একজন কৃষি উদ্যোক্তা। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তিনি ড্রাগন, পেয়ারা আমের পাশাপাশি বর্তমানে ব্যাপকভাবে বলসুন্দরী জাতের কুল চাষ করছেন। তার বাগানে যে পরিমাণে কুল ধরেছে তাতে করে তিনি লাভবান হবে বলে আমরা আশা করি।



কমেন্ট বক্স