দর্শনায় এক শিশু (নাবালক) চালকের পাখিভ্যান নিয়ে লাপাত্তা হয়েছে দুই প্রতারক। গত রোববার দুপুরের দিকে দর্শনা ফুড গোডাউন সংলগ্ন ‘স’ মিলের নিকট এ ঘটনা ঘটে। সংসারের একমাত্র উপার্জনের চালিকাশক্তি পাখিভ্যান হারিয়ে দিশাহারা শিশু শাকিলসহ তার পরিবার। এ চুরির ঘটনায় থানা পুলিশে করা হয়েছে লিখিত অভিযোগ।
জানা গেছে, গত রোববার দুপুরের দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুরাতন যাদবপুর গ্রামের মজিবর মণ্ডলের ছেলে শাকিল (১৪) জীবিকা নির্বাহের উদ্দেশ্যে বড় ভাই শুভর পাখিভ্যান নিয়ে সরোজগঞ্জ বাজারে আসে। এসময় সরোজগঞ্জ বাজার হতে অজ্ঞাতনামা দুই ব্যক্তি একই উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারে যাওয়ার কথা বলে তার পাখিভ্যান ভাড়া করেন। পথে তারা বিভিন্নভাবে তাকে ফুঁসলিয়ে বেশি ভাড়া দেওয়ার কথা বলে দর্শনা আজমপুর নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর পাখিভ্যানে বিস্কুট নিয়ে যাওয়ার কথা বলে আজমপুর ফুড গোডাউনের পাশে ‘স’ মিলের সামনে পাখিভ্যানটি রাখতে বলেন। এসময় এক প্রতারক পাখিভ্যানটি তার চক্রের এক সদস্যের জিম্মায় রেখে শাকিলকে চা খেতে নিয়ে যাওয়ার পথে তাকে আবার পাখিভ্যানের নিকট ফিরে যাওয়ার কথা বলে প্রতারক সটকে পড়েন। এসময় শাকিল ফিরে এসে পাখিভ্যানটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ভ্যান ও তাদের না পেয়ে কান্নায় ভেঙে পড়ে শাকিল।
সমীকরণ প্রতিবেদন