চুয়াডাঙ্গায় কোমল পানীয় ভেবে ঘাসপোড়া বিষপান করে মৃত্যুশয্যায় শিশু জান্নাতুল (৫)। গতকাল রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় গতকালই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জান্নাতুল চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া মাদ্রাসাপাড়ার জাহিদুল ইসলামের মেয়ে
জাহিদুল ইসলাম জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে জান্নাতুল পাশেই তার চাচার বাড়িতে গিয়েছিল। সেখানে বোতলে থাকা ঘাসপোড়া বিষ ভুলবসত সে খেয়ে ফেলে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। তবে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় জান্নাতুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা করে।
এদিকে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য জান্নাতুলকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে সদর হাসপাতাল ত্যাগ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত জান্নাতুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়া বলেন, ‘কোমল পানীয় ভেবে শিশুটি ঘাসপোড়া বিষপান করে বলে পরিবারের সদস্যরা জানায়। প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করা হয়েছে। তার অবস্থা শঙ্কাজনক।’
সমীকরণ প্রতিবেদন