ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দামুড়হুদায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তাওহিদি জনতার আয়োজনে দামুড়হুদা স্টেডিয়াম মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাসস্ট্যান্ড চত্বরে এসে সমাবেশ শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. রাসেদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম অর্ক, জেলা মুখ্য সংগঠক সজিব ইসলাম, জেলা সদস্য নাসিম বিশ্বাস, রাকিব হাসান, সবুজ ফাহাদ, রায়হান মোল্লা, রাব্বি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আমরা ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ইসকন উগ্রবাদী একটি সংগঠন, এই সংগঠনটি স্বৈরাচারীর দোসর হিসেবে কাজ করছে। স্বৈরাচারী শেখ হাসিনা যখন ৫ তারিখে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় এবং পালানোর সাথে সাথে ওই উগ্রবাদী ইসকন সংগঠনের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আর মাথা ব্যথা হওয়ার কারণে গোয়েন্দারা যখন বহিষ্কৃত ইসকনের একজনক গ্রেপ্তার করলো তখন তারা চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করলো। আমরা আইন হাতে তুলে নিতে চায় না। কিন্তু যদি আপনাদের বাড়াবাড়ি বেশি হয়, তাহলে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
তারা আরও বলেন, আমরা ছাত্র-জনতা যদি আবার জেগে উঠি তাহলে আপনাদের আর এদেশে জায়গা হবে না। ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি হবে না। ইসকন নামের এই উগ্রবাদী সংগঠনের চিরতরে বিলুপ্তি চায়। স্বৈরাচারী শেখ হাসিনাকে যখন দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, তেমনি এ দেশের মানুষকে সাথে নিয়ে এই ইসকনকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে হবে। তাদের প্রতিহত করা হবে। ভারতীয় আগ্রাসন ও ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের প্রতিহত করা হবে।
সমীকরণ প্রতিবেদন