দামুড়হুদায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়েছে ট্রাক। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ডুগডুগি টুইন টাওয়ারের সামনে এই টুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা থেকে একটি খালি ট্রাক নিয়ে ট্রাকটির হেলপার দর্শনার উদ্দেশ্যে রওনা হন। পথে ডুগডুগি টুইন টাওয়ারের সামনে অপর একটি ট্রাক ওভারটেক করার চেষ্টা করলে চাপ সৃষ্টি হয়। এসময় হেলপার নিয়ন্ত্রণ হারিয়ে জনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করে এবং বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। দুর্ঘটনায় ট্রাকের হেলপার আহত হন এবং গাড়ির সামনের কাচ ভেঙে যায়।
পরে স্থানীয়রা দ্রুত হেলপারকে উদ্ধার করে। তবে কিছুক্ষণের মধ্যেই হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনায় স্থানীয় দুই পরিবারের দুটি বিদ্যুৎ মিটার নষ্ট হয়ে গেছে, একটি বৈদ্যুতিক খুঁটি সম্পূর্ণ ভেঙে গেছে এবং মনিরুল ইসলামের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো ট-১৮৮৯০২। ট্রাকটি দর্শনার হঠাৎপাড়া আনোয়ারপুরের আবদুল্লাহ (২০) নামের এক হেলপার চালিয়ে আনছিলেন। দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কারো পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
সমীকরণ প্রতিবেদন