‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের তৌহিদী জনতা। গতকাল শুক্রবার বাদ জুম্মা জীবননগর শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ডের মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা কেএম সাইফুল্লাহ, জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিমন শাহরিয়ার, হাফেজ মাওলানা হাসানুজ্জামান, জেলা কমিটির সদস্য সোহেল পারভেজ এবং জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি মো. আরিফুল ইসলাম জোয়ার্দ্দার।
বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশকে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। হিন্দুত্ববাদী ইস্কন সংগঠনের মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে।
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা গৃহযুদ্ধ সৃষ্টির অপপ্রয়াস বলে উল্লেখ করেন বক্তারা। তারা ইসকনকে নিষিদ্ধ করার দাবি এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। বিক্ষোভ ও সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন