জীবননগর পৌর শহরের গোপালনগরে সাংবাদিক আতিয়ার রহমানের বাড়ি থেকে অর্ধ লক্ষাধিক টাকা চুরি হয়েছে। পরিবারের সবাই ওয়াজ মাহফিলে উপস্থিত থাকার সুযোগে চোর চক্র এই ঘটনা ঘটায়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ চুরির ঘটনা ঘটে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দেন।
জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান বলেন, ‘রাত ৯টার দিকে বাড়ির দরজা বন্ধ করে পরিবারের সবাই ওয়াজ মাহফিলে গিয়েছিলাম। এ সুযোগে চোরচক্র ছাদের ওপর দিয়ে ঘরে প্রবেশ করে। ঘরের আলমারির তালা খুলে কাপড়ের ভাজে রাখা ৬১ হাজার ৩০০ টাকা চুরি করে নিয়ে যায়। সংসারের জন্য মজুদ করা টাকাগুলো দিয়ে অসম্পূর্ণ বাড়ির কাজ করার পরিকল্পনা ছিল, যা আর সম্ভব হলো না।’
ঘটনার পরপরই জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান ও সাব-ইন্সপেক্টর ফিরোজ হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থলে আসে এবং ঘটনার বিস্তারিত শোনেন। তারা জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।’
সমীকরণ প্রতিবেদন