মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রকল্পের কার্যক্রম চলমান রাখার দাবিতে মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুর জেলা কৃষক দল। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য দেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তারা বলেন, কৃষকদের ন্যায্য মূল্যে সার বিতরণ করতে হবে। কৃষকদের মাঝে বীজ বিতরণে যে অনিয়ম হয়েছে তা জেলা প্রশাসককে খতিয়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছি এবং মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কার্যক্রম চলমান রাখার দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক, গাংনী পৌর কৃষক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা কৃষক দলের সদস্যসচিব মিরাজ উদ্দিন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন