মেহেরপুরে সরকারি আইন অমান্য করে পলিথিন বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম অভিযানে নেতৃত্বে দেন।
জানা গেছে, সরকারি আইন অমান্য করে মেহেরপুর শহরের বড় বাজার এলাকার আরশেদ আলী ছেলে ইউনুস আলী তার দোকানে অবৈধভাবে পলিথিন রেখেছিলেন। অভিযানে সেখান থেকে বেশ কিছু পলিথিন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯০ এর ৬ এর খ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, একই দিনে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় সবজি এবং মুদিখানার দোকান পরিদর্শন করে ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যের তালিকা টানানোসহ বেশি লাভ না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে পণ্যের ক্রয়-বিক্রয়ের ভাউচার রাখার পরামর্শ দেওয়া হয়। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মনিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধিসহ পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন