রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মিছিল, বাদ্যযন্ত্র আর উল্লাসে মুখর সম্মেলন মাঠের চারপাশ

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৪ ইং
মিছিল, বাদ্যযন্ত্র আর উল্লাসে মুখর সম্মেলন মাঠের চারপাশ

বিএনপির সম্মেলন ঘিরে মিছিল, বাদ্যযন্ত্রের তাল আর স্লোগানের গর্জনে মুখর হয়ে উঠেছিল চুয়াডাঙ্গার জেলার প্রাণকেন্দ্র। গতকাল শনিবার জেলার চার উপজেলা, পাঁচ থানা এবং সকল ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতা-কর্মীদের ঢল সম্মেলনস্থলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। মাইক্রোবাস, ট্রাক, পিকআপ ভ্যান থেকে শুরু করে মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট-বড় যানবাহনে নেতা-কর্মীরা দলবেঁধে শহরে প্রবেশ করেন। সম্মেলনস্থলের আশপাশে অতিরিক্ত জায়গা না থাকায় শহরের বিএডিসি, কলেজ গেইট, চাঁদমারি মাঠসহ আশপাশের ফাঁকা জায়গাগুলো এসব যানবাহন পার্কিং করে রাখা হয়।

গাড়ি থেকে নেমে ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নেতা-কর্মীরা মিছিল সহকারে সম্মেলনস্থলের দিকে অগ্রসর হন। এদিন সারাদিন হাজারো নেতা-কর্মী শহরের বিভিন্ন সড়কে দল বেঁঁধে পায়ে হেঁটে চলাচল করতেও দেখা যায়। এসময় তারা বাদ্যযন্ত্রের তালে তালে তুলেছিলেন বিভিন্ন স্লোগানের ঝড়। সকালে সম্মেলন মাঠে পৌঁছানোর আগেই নেতা-কর্মীরা নানা রঙের ব্যানার ও পতাকা উড়িয়ে তাদের উপস্থিতি জানান দেন। বাদ্যযন্ত্রের ছন্দে তাল মেলাতে দেখা গেছে তরুণদের পাশাপাশি বয়স্ক নেতাদেরও। মাঠের বাইরে অপেক্ষমাণ অনেক নেতা-কর্মীও মিছিল ও স্লোগানে যোগ দেন।

সকাল থেকে সম্মেলনস্থল অভিমুখী ও সম্মেলনের পরও ঘরমুখী মিছিলগুলো ছিল অত্যন্ত শৃঙ্খলিত। বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে আগতরা আলাদা আলাদা ব্যানার নিয়ে একযোগে স্লোগান দিতে দিতে এগিয়ে যান। তাদের কণ্ঠে বারবার উচ্চরিত হয় বিভিন্ন স্লোগান।

এদিকে, সম্মেলনস্থলের আশপাশের চা-স্টল ও খাবারের দোকানগুলো ছিল জমজমাট। দীর্ঘ ভ্রমণে ক্লান্ত নেতা-কর্মীরা সেখানে চা-পান ও খাবার খেয়ে নিজেদের প্রস্তুত করেন। শহরের বিভিন্ন জায়গায় পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। যানজট এড়াতে দায়িত্বের সঙ্গে সারাদিন প্রতিটি সড়কে সরব ছিল ট্রাফিক পুলিশের সদস্যরাও।



কমেন্ট বক্স