চুয়াডাঙ্গায় চারটি চোরাই পাখিভ্যানসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া ও ঝিনাইদহ জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের মৃত মহন শেখের ছেলে রহমান শেখ (৬০), আলুকদিয়া নওদাপাড়ার উম্মত আলীর ছেলে দোস্ত মাহমুদ (৪০) ও ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে এমদাদুল হক (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ জানতে পারে আলুকদিয়া বাজারে চোরাই পাখিভ্যান বেচাকেনা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহাদেব বাছাড়সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থালে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রটি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ওই চোরচক্রটিকে আটক করে পুলিশ। এসময় ওই তাদের কাছ থেকে চারটি চোরাই পাখিভ্যান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখিভ্যানের মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা বলে দাবি পুলিশের।পাখিভ্যান চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন