মেহেরপুরে চোরাচালান নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর হচ্ছে যৌথ বাহিনী। গতকাল বুধবার দুপুরে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কঠোরতার কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। অভিযান সূত্রে জানা গেছে, চোরাচালান নিয়ন্ত্রণে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় ৯ জন মোটরসাইকেল চালককে ৪ হাজার ১ শ টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়কে চলাচলের ক্ষেত্রে সকল ধরনের যানবাহন চালকদের আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে ডাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র সাথে রাখতে বলা হয়। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক জব্দ করার কথা বলা হয় অভিযান থেকে। প্রথমে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও অনুরোধ করা হবে এবং তাতে যদি আইন অমান্যের ঘটনা ঘটে তবে তা কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে বলে জানান মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশসহ ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।
সমীকরণ প্রতিবেদন