আলমডাঙ্গা পৌর এলাকার ক্যানালপাড়া পূজা ম-প পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। গতকাল শনিবার রাতে তিনি জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ পূজা ম-প পরিদর্শনে যান। পরে পূজা ম-প প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ম-প কমিটির সভাপতি সঞ্জিব চৌধুরী কেটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শরীফুজ্জামান। এসময় তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাই আমরা বাংলাদেশি, সবাই ভাই ভাই। এখানে কোনো ভেদাভেদ নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিভেদ সৃষ্টির চেষ্টা করলে তাকে কঠোর হাতে দমন করা হবে।’
তিনি আরও বলেন, ‘পূর্বে দুর্গাপূজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে ছিল, আগামীতেও সব সময় পাশে থাকবে। তবে খেয়াল রাখবেন, যেন কেউ আপনাদের পূজায় নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য নোংরা খেলা না খেলে।’
শরীফুজ্জামান আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার আদায়ে কাজ করে গেছে। ভোট জনগণের গণতান্ত্রিক অধিকার। আপনার ভোট আপনিই দেবেন, যাকে খুশি তাকে দেবেন-এটাই আমাদের অঙ্গীকার। আমি এমপি হই বা না হই, আপনাদের যেকোনো সমস্যায় পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনারা আমাকে আপনাদের সুখ-দুঃখের সঙ্গী করে নেবেন।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়দ্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু প্রমুখ।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম সালাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য পরিমল কুমার ঘোষ কালু, চুয়াডাঙ্গা সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়সহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতা-কর্মীরা।
সমীকরণ প্রতিবেদন