সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে অপসারিত পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৪ ইং
ঝিনাইদহে অপসারিত পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

অপসারিত পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঝিনাইদহের ৬টি পৌরসভার কাউন্সিলররা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শৈলকুপা পৌরসভার কাউন্সিলর আবদুর রকিব, ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর শামসুল আরেফিন কায়সার, ফারহানা রেজা আনজু, কোটচাঁদপুর পৌরসভার কাউন্সিলর আবদুর রাকিব, মহেশপুর পৌরসভার কাউন্সিলর রহুল আমিন মিণ্টু, কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মুক্তার হোসেন, হরিণাকুণ্ডু পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দীন এবং ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর বুলবুলি বেগম।

বক্তারা বলেন, পৌর কাউন্সিলরদের অপসারণের পর জেলার সব পৌরসভার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নাগরিকরা সেবা পাচ্ছে না, জন্ম-মৃত্যু ও নাগরিক সনদ পেতে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। শহরগুলো এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সন্ধ্যার পর পাড়া-মহল্লায় সড়ক বাতি জ্বলছে না। নিয়মিত ড্রেন পরিস্কার না করায় দুর্গন্ধে নাগরিকদের বসবাসে সমস্যা হচ্ছে।

বক্তারা আরও প্রশ্ন তোলেন, ‘যে ছাত্র-জনতার বিপ্লবে স্বাধীনতা অর্জন করেছে জাতি, সেই ছাত্র-জনতার আন্দোলন কি এই অবস্থা ও নাগরিক দুর্ভোগের জন্য ছিল?’ তারা বলেন, ‘আমরাও ছাত্র আন্দোলনে ছিলাম, আমাদের সন্তানরা মাঠে ছিল। পৌর নাগরিকদের এ অবস্থা চলতে পারে না।’

বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম মধু কাউন্সিলরদের পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, ‘যারা অন্যায় বা অপকর্মে জড়িত, তাদের শাস্তি দেয়া উচিৎ, কিন্তু সবার প্রতি সমান ব্যবস্থা নেয়া বৈষম্যমূলক।’ তিনি আরও বলেন, ‘আমরা কোনো দলের রাজনীতি করে কাউন্সিলর হইনি, আমরা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের কেন অপসারণ করা হবে?’

সাইফুল ইসলাম মধু আরও বলেন, ‘অবিলম্বে কাউন্সিলরদের পুনর্বহাল করা হোক, যাতে আমরা আবার দায়িত্ব পালন করে দেশের উন্নয়ন ও নাগরিক সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারি।’ উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গত ২৪ সেপ্টেম্বর দেশের সব পৌরসভার মেয়র ও পরে কাউন্সিলরদের অপসারণ করে, যার ফলে পৌরসভাগুলোর কার্যক্রমে নাগরিকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।



কমেন্ট বক্স