সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে শিক্ষা অফিসারকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৪ ইং
গাংনীতে শিক্ষা অফিসারকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও অফিস সহকারী তোফাজ্জেল হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদিলা আজহার আরশী ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান।

উল্লেখ্য, নারী নির্যাতন অভিযোগে আদালতের একটি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে। সে লক্ষ্যে গত সোমবার দুপুরে মামলার বাদী ও বিবাদীকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে হাজির হতে বলা হয়। মামলাটির তদন্ত চলাকালীন সময়ে শিক্ষা অফিসের বাইরে বাদী ও বিবাদী পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা চলছিল। এসময় শিক্ষা অফিসার হোসনে মোবারক উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছিলেন। এর একপর্যায়ে কয়েকজন যুবক শিক্ষা অফিসারের ওপর রাগান্বিত হয়ে তাকে লাঞ্ছিত করে ও মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এর প্রতিবাদ করতে গিয়ে অফিসের অফিস সহকারী তোফাজ্জেল হোসেনও লাঞ্ছিত হয়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাদী হয়ে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেছেন।



কমেন্ট বক্স