দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মূল্যবান শিক্ষা উপকরণ ও বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুকজান নেছা দামুড়হুদা মডেল থানায় এই অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, গত সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা স্কুলটি তালাবদ্ধ করে নিজ নিজ বাসায় চলে যান। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্কুলের দপ্তরী শামিম হোসেন বিদ্যালয়ে এসে দেখতে পান অফিস কক্ষের দরজা ভাঙ্গা। তিনি অফিস কক্ষে প্রবেশ করে দেখেন, সেখানে দুটি সিলিং ফ্যান, একটি সাউন্ড সিস্টেম, একটি স্পিকার সেট, একটি রাইস কুকার, একটি পানির ফিল্টার এবং একটি কম্পিউটার চুরি হয়ে গেছে। চুরি হওয়া এসব মালামালের মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা।
এসময় শামিম হোসেন মোবাইল ফোনের মাধ্যমে প্রধান শিক্ষিকাকে ঘটনার বিষয়ে জানালে প্রধান শিক্ষিকা, অন্যান্য শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ে আসেন এবং অফিস রুমের দরজা ভাঙ্গা দেখে হতবাক হন। সেখানে থাকা মালামালগুলো চুরি হয়ে গেছে এবং অফিসের বিভিন্ন ড্রয়ার এলোমেলোভাবে খোলা অবস্থায় ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরদিন ভোর সাড়ে ৫টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা এ ঘটনাটি ঘটিয়েছে। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের ছুটি হওয়ার পর প্রায়ই স্থানীয় কিছু ব্যক্তি বিদ্যালয়ের সীমানার মধ্যে এসে নেশা সেবন ও জুয়ার আসর বসায়। এর আগে গত ১৩ সেপ্টেম্বরও এই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছিল। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর জানান, অভিযোগটি প্রহণ করা হয়েছে। ঘটনাটির তদন্তে তাদের টিম কাজ করছে।’
সমীকরণ প্রতিবেদন