নানা আয়োজনে সারাদেশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটির এ বছরের নির্ধারিত প্রতিপাদ্য হচ্ছে ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’। অন্যদিকে, বাংলাদেশ তথ্য কমিশন দেশীয় প্রেক্ষাপটে ‘তথ্য জানার অধিকার দিবস-২০২৪’ এর স্লোগানের শিরোনাম দিয়েছে ‘কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা জেলা প্রশাসনের উদ্যোগেও দিবসটি বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ‘কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’ স্লোগানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. জাহিদুল হাসান, মুন্সী আবিু সাঈফ, জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল, জাতীয় দৈনিক 40 ও ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, সাংবাদিক অ্যাড. রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার প্রতিনিধি সাফ্ফাতুল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি মানিক ম্যাক্সি মিলিয়ান রুগা, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী সাকিব হাসান তুষার, নাদিয়াতুল জান্নাত, রায়না হাবিবা প্রমুখ।
আলোচনা সভাটি পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দীন আল আজাদ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সিনিয়র সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ, তিথি মিত্রসহ চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী ও উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, যার যার অবস্থান থেকে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। জনগণ তথ্য চাইবে, আপনারা দিবেন। সিটিজেন চার্টার দৃশ্যমানভাবে টাঙিয়ে রাখতে হবে। ওয়েব পেজ আছে সেখানে সরকারি প্রকল্প তুলে দেবেন। তাহলে জনগণের তথ্য জানা প্রসারিত হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা কতটুকু চর্চা করতে পারছি তার ওপর নির্ভর করছে।

এদিকে, ‘কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন এর আয়োজন করে। আলোচনায় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, ইন্সপেক্টর আব্দুল আলিম, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, মেহেরপুর এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মু. তানভীর হাসান রুমান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে মানসিকতা পরিবর্তনের পাশাপাশি জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। আর জবাবদিহিতা বাড়লে অপরাধ প্রবণতা বা দুর্নীতি কমতে শুরু করবে। দেশের উন্নয়নের স্বার্থে মানুষকে চিন্তা-চেতনা ও কথা বলার অধিকার দিতে হবে। তাই বাংলাদেশের সংবিধানের তথ্য অধিকার আইনের তথা বলা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন