চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন পাঁচফোকট রেল ব্রিজে ট্রেনে কেটে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। রেল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত নারী যশোরের চৌগাছা উপজেলার মোজাম্মেল হোসেনের মেয়ে শাহানাজ (৫২)। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টায় ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। প্রথমে তার পরিচয় অজ্ঞাত থাকলেও পরে নিহত নারীর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও পুলিশ জানিয়েছে। স্থানীয়রা জানান, ট্রেনে কাটা পড়ে ওই নারীর লাশ ব্রিজের নিচে পড়ে যায়। তার একটি হাত কাটা পড়াসহ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
এসআই মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা বা অন্য কোনো কারণে ঘটতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বুধবার (আজ) ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সমীকরণ প্রতিবেদন