দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গায় পারিবারিক-কলহের জেরে বিষপানে আবুল হোসেন (৫৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদর হাসপাতালে নেয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত আবুল হোসেন উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মৃত ইয়া নবী ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাংসারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আবুল হোসেনের মনোমালিন্য হয়। এরই জেরে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে বিষপান করে বাড়ি ফেরেন তিনি। পরিবারের সদস্যরা তার বিষপানের বিষয়ে টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় সকাল ৮টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সদর হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে গতকালই জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন