রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২ বছর সাজা শেষে ফিরলো নিজ দেশে

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৪ ইং
২ বছর সাজা শেষে ফিরলো নিজ দেশে

দামুড়হুদা উপজেলায় দর্শনা সীমান্ত চেকপোস্ট দিয়ে পরিবারের কাছে ফিরে গেলেন ভারতীয় নাগরিক প্রিয়াঙ্কা নস্কর (২৯)। প্রেমের টানে অবৈধ পথে বাংলাদেশে এসে বিজিবির হাতে আটক হয়েছিলেন তিনি। প্রিয়াঙ্কা নস্কর ভারতের হাওড়া জেলার শ্যামপুর থানার গোপীনাথপুর গ্রামের প্রতাব নস্করের মেয়ে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা সীমান্ত চেকপোস্টের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

জানা গেছে, প্রিয়াঙ্কা নস্করের সাথে বাংলাদেশের নারায়নগঞ্জের এক যুবকের মোবাইলে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০২২ সালের ৩ অক্টোবর প্রিয়াঙ্কা ভারত থেকে অবৈধভাবে ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে দালালের সহযোগিতায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় মহেশপুর ৫৮- বিজিবির সদস্যরা তাকে আটক হয়। পরে ঝিনাইদহ জেলা আদালত তাকে ২ বছরের সাজা প্রদান করেন। সাজা শেষে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্ডিয়ান হাইকমিশনের মাধ্যমে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুই দেশের পতাকা বৈঠকে অংশ নেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) দর্শনা আইসিপি কমান্ডার সুবেদার মোস্তফা মিয়া, ইমিগ্রেশন ইনচার্জ এসআই আতিকুর রহমান, কাস্টমস ইন্সপেক্টর কাবিল সাদিক, দর্শনা থানার এসআই ফাহিম হাসানসহ ঝিনাইদহ জেল পুলিশ সদস্যরা। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গেদে ক্যাম্প কমান্ডার এসি তাপশসর, ইমিগ্রেশন ইনচার্জ সঞ্জীব কুমার, কাস্টমস কর্মকর্তা আরপি জাদব, কৃষ্ণগঞ্জ থানা এএসআই তন্ময় দাস ও এনজিও কর্মী চিত্তরঞ্জন রায় প্রমুখ। এসময় প্রিয়াঙ্কার পরিবারের থেকে তার বাবা, মা ও বোন উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স