চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঘরী মাঝপাড়ায় জলিল হোসেন নামের এক গরু ব্যবসায়ীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা থানায় কয়েকজনের নাম উল্লেখ করে মামলাটি করেন জলিল। এরআগে গতকাল ৯টার দিকে তেঘরী বটতলায় এ মারামারির ঘটনা ঘটে। এসময় জলিল হোসেন স্থানীয়দের কাছে ইউপি সদস্যসহ ছয়জন তাকে মারধর করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করে। তবে, দর্শনা থানায় তার করা অভিযোগে মারধরের বিষয়ে উল্লেখ করলেও কোন টাকা পয়সা ছিনতাই হয়েলে বলে উল্লেখ করেননি। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে জলিলের সঙ্গে তেঘরী বটতলায় কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ঘটে। এসময় গ্রামবাসীরা সেখানে জড় হলে জলিল অভিযোগ করেন তার নিকট থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, গরু ব্যবসায়ী জলিল হোসেন তাকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগে তার নিকট থেকে টাকা ছিনতাইয়ের বিষয়ে উল্লেখ করেননি। সকালে আবেগের বসে গ্রামবাসীদের নিকট টাকা ছিনতাই হয়েছে বলে থাকতে পারেন। আমরা ঘটনাটি তদন্ত করছি।
সমীকরণ প্রতিবেদন