বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন চুয়াডাঙ্গা কোর্টপাড়ার কৃতী সন্তান হেমায়েত উল্লাহ বেল্টু। গতকাল বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে হেমায়েত উল্লাহসহ ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেমায়েত উল্লাহ বেল্টু কোর্টপাড়ার অ্যাড. মো. আলাউদ্দিনের ছেলে। তিনি ২০১০ সালের ৩০ অক্টোবর সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৬ (ছেষট্টি) জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেছেন। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। পাশাপাশি গত ১৩ আগস্ট নিয়োগ পাওয়া ৯ জন বাদে আগের নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।
এদিকে, অ্যাড. হেমায়েত উল্লাহ বেল্টু ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ চুয়াডাঙ্গার বিভিন্ন সংগঠন ও সুশিল সমাজের প্রতিনিধিরা।
সমীকরণ প্রতিবেদন