রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স ছাড়াই চলছে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং
ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স ছাড়াই চলছে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি

ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স ছাড়াই বছরের পর বছর চলছে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির কার্যক্রম। নানা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে জেলা স্বাস্থ্য বিভাগ ডায়াবেটিক সমিতি পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম পায়। ডায়াবেটিক সমিতির কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য জব্দ করে নিয়ে যাওয়া হয় সিভিল সার্জন অফিসে। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন সরকার পতনের পর রয়েছেন আত্মগোপনে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান শহরের সদর হাসপাতাল রোডে অবস্থিত ডায়াবেটিক সমিতি সরেজমিন পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি দেখেন, চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নামে কোনো লাইসেন্স নেই। কেবল ২০২২-২৩ অর্থবছরে অনলাইনে নামমাত্র আবেদন করা আছে। যেখানে সংযুক্তি ফাইলে চালানের কপি ছাড়া আর কোনো কাগজপত্র আপলোড করা হয়নি। লাইসেন্সের জন্য যে সকল কাগজপত্র থাকা জরুরি, সেগুলো হলো- মালিকের জাতীয় পরিচয়পত্র, হালনাগাদ ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ ছাড়পত্র, প্রতিষ্ঠানের নামে/মালিকের নামে আয়কর প্রত্যয়নপত্র, বিন সার্টিফিকেট, পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ফিসের চালান কপি এবং ভ্যাট রশিদ। পরিদর্শনে আরও দেখা যায় যে, ইসিজি কক্ষ এবং আল্ট্রাসনো কক্ষ অত্যান্ত নিম্নমানের। এগুলো অপরিস্কার ও অপরিচ্ছন্ন। এগুলো স্টোর রুমের মতো প্রতিয়মান হয়েছে।

কর্তব্যরত ডাক্তারদের নামে কোনো নিয়োগ নেই। ডক্টরস চেম্বারগুলো ছোট ও অস্বাস্থ্যকর পরিবেশ। গত ২২ আগস্ট দুপুরে সিভিল সার্জন চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি পরিদর্শন করে তার পরিদর্শন প্রতিবেদনের বিষয়টি গতকাল বুধবার জানাজানি হয়। এসময় তাকে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান।

দীর্ঘ দিন ধরে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি ক্ষমতার অপব্যবহার করে ডায়াবেটিক সমিতির দায়িত্ব পালন করছেন। বর্তমানে ক্ষমতার পট পরিবর্তন হওয়ায় তিনি আত্মগোপনে রয়েছেন।

সহসভাপতি হিসেবে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সহসভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক হিসেবে মহ. শামসুজ্জোহা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, কোষাধ্যক্ষ আলাউদ্দীন হেলা, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অ্যাড. সেলিম উদ্দিন খান, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, ডা. ফকির মোহাম্মদ, হাবিল হোসেন জোয়ার্দ্দার, মনোনিত সদস্য এএইচএমএম কামাল তুহিন, সাইফুল হাসান জোয়ার্দ্দার ও আবু সাইদ মো. আহসানুজ্জামান। কমিটির গুরত্বপূর্ণ পদে রয়েছেন রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের আস্থাভাজন ও একান্ত অনুসারী।



কমেন্ট বক্স