রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গার ভালাইপুরে মোটরসাইকেলের ধাক্কায় শান্তনা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শান্তনা দামুড়হুদা উপজেলার রামনগর কলাবাড়ি গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তনা বেগম আলুকদিয়া ইউনিয়নের মণ্ডলপাড়ায় (ভালাইপুর বাজার) ছেলের সঙ্গে বসবাস করতেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে শান্তনা বেগম বাড়ি থেকে বের হয়ে নিকটবর্তী একটি পানের দোকানে জর্দা কিনতে যান। জর্দা নিয়ে বাড়ির দিকে ফেরার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। মোটরসাইকেলটিকে কেউ আটকাতে পারেনি। খবর পেয়ে স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে আব্দুল মজিদ বলেন, ‘ব্যবসায়িক সূত্রে আমি পরিবার নিয়ে ভালাইপুর বাজারে থাকি। সকালে মা পান খাওয়ার জন্য জর্দা কিনতে দোকানে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে হাসপতালে নিলে তিনি মৃত্যুবরণ করেন। আমাদের কোনো অভিযোগ নেই।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে বৃদ্ধাকে জরুরি বিভাগে আনে পরিবার। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া যায়। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’



কমেন্ট বক্স