রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপিতে বিএনপির সমাবেশে বিঘ্ন

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২৪ ইং
গড়াইটুপিতে বিএনপির সমাবেশে বিঘ্ন

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ৮ নেতা—কর্মীর বিরুদ্ধে মারহাট্টা, দাঙ্গা—মারামারি, দোকান ভাঙচুর, প্রাণনাশের হুমকি, চাঁদা আদায়সহ নানা অভিযোগে দর্শনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খাড়াগোদা গ্রামের নূরুল ইসলামের ছেলে নাসির উদ্দীন। গত ২৩ আগস্ট তিনি এই অভিযোগ করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দেশীয় অস্ত্র দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে ২ মাস আগে খাড়াগোদা বাজারের দেলোয়ার গার্মেন্টস ও ক্রোকারিজের স্বত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন দুলালের কাছ থেকে ৪০ হাজার টাকা চাঁদা নেন গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ। এসময় দোকানে থাকা ৫০ হাজার টাকার মাল নষ্ট করেন তারা। এছাড়া গত শুক্রবার বেলা তিনটার দিকে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সমাবেশ যুবলীগের কর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে ভয়—ভীতি দেখিয়ে পণ্ড করে। পরে ইউনিয়ন বিএনপির কর্মীদের তাড়া করেন যুবলীগের নেতা—কর্মীরা।
এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি নাসির উদ্দীন বলেন, এলাকার সকল অপকর্মের সাথে যুবলীগের সদস্যরা জড়িত। মাদক সেবন, চাঁদাবাজি ও বিভিন্ন মানুষের ওপর আক্রমণসহ সকল অরাজকতার সাথে তারা জড়িত। এছাড়া গত শুক্রবার আমাদের ওপর হামলা করার উদ্দেশ্য যুবলীগের ইউনিয়ন কমিটির কার্যালয়ে রাখা অবৈধ দেশীয় অস্ত্র চাপাতি, চাইনিজ কুড়ালসহ রড খাড়াগোদা বাজারের চা ব্যবসায়ী রফিদুলের দোকানের নিচে লুকিয়ে রাখে। পরে স্থানীয়রা সেটা উদ্ধার করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় গত ২৩ আগস্ট গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ (৪০), খাড়াগোদা গ্রামের মৃত আনিছদ্দিনের ছেলে মানোয়ার হোসেন (৩০), একই গ্রামের গোলজারের ছেলে রুবেল হোসেন (৩০), মৃত শফি উদ্দীনের ছেলে শিমুল হোসেন (২৫), ছানোয়ার হোসেনের ছেলে রানা মিয়া (৩০), গড়াইটুপি গ্রামের লতিফ উদ্দিনের ছেলে রকি (২৫), রশিদ মিয়ার ছেলে সাকিব হোসেন ও গোষ্টবিহার গ্রামের জহুরুল ইসলামের ছেলে শিমুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করি।
এ বিষয়ে দেলোয়ার গার্মেন্টস ও ক্রোকারিজের স্বত্ত্বাধিকারী গড়াইটুপি গ্রামের দুলাল বলেন, বিষয়টি খুবই ভীতিকর ও অমানবিক। তারা জোরপূর্বক চাঁদাবাজি, ভাঙচুর ও দোকান বন্ধ করে দেয়। এছাড়া পরে নানা ধরনের হুমকি দিতে থাকে, যা সত্যিই ভয়ংকর ছিল আমার জন্য।
এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। দীর্ঘ ৭ বছর রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি, তবে এখনো কোনো ধরনের অনৈতিক কার্যকলাপের জড়িত হইনি। তবে যারা এটা করেছে, অবশ্যই এটা প্রতিহিংসা ছাড়া আর কিছু না।
এদিকে থানায় অভিযোগ হওয়ার পর অভিযুক্তরা আত্মগোপন রয়েছেন। এ বিষয়ে জানতে দর্শনা থানার অফিসার ইনচার্জকে (ওসি) ফোন করা হলে তিনি ফোন ধরেননি।



কমেন্ট বক্স