রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২৪ ইং
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ৩২৯ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়েছে। গতকাল রোববার জেলা বিএনপির সভাপতির ভাতিজা রিপন বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় এই মামলা করেন।ঝিনাইদহ সদর থানার মামলা নম্বর ২৭/২৪।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা অস্ত্র নিয়ে তার কলাবাগান পাড়ার বাসায় ঢুকে ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িতে থাকা ৩টি এসি, ১টি আলমারি, ৩টি মিটিং টেবিল, ১৭০টি প্লাস্টিক চেয়ার, ১টি প্রাইভেটকার, ৩টি মোটরসাইকেল ও বাসার মূল্যবান আসবাবপত্র ভস্মীভূত হয়। এর ফলে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এই মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকী সমি, পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা জেএম রশিদুল আলম, বাবু জীবন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম, আশফাক মাহমুদ জন, কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও শ্রমিক লীগ নেতা আক্কাচ আলীসহ ৩২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যকে হুকুমের আসামি করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির অফিস পোড়ানোর ঘটনায় ৪৬৮ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। এই মামলায় ঝিনাইদহ র‌্যাব-৬ গতকাল রোববার অভিযান চালিয়ে গোয়ালপাড়া গ্রামের হোসেন (৩৫), পৈলানপুর গ্রামের আজাদ মোল্যা (৪০), নারায়ণপুর গ্রামের স্বপন মোল্যা (৪২), চুয়াডাঙ্গা গ্রামের মো. সাজিদুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করেছে।



কমেন্ট বক্স