চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন জেলায় কর্মরত র্স্মাট কার্ডধারী আনসার সদস্যরা। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে শেষ হয় এবং সেখানে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে আনসার সদস্যরা বলেন, আনসার সদস্য বাহিনী গঠিত হয় ১৯৪৮ সালে। এরপর থেকে সাধারণ আনসার সদস্যরা সরকারের তেমন কোনো সুযোগ-সুবিধা পায় না। এই বাহিনী গঠিত হওয়ার পর থেকে আমরা সাধারণ আনসাররা বৈষম্যর শিকার হচ্ছি। আমাদের এই আনসারের চাকরি তিন বছর চুক্তি করে দেয়া হয়। আমরা এই চুক্তি চাই না। এই চুক্তি বাতিল করে জাতীয়করণ করে চাকরি স্থায়ী করতে হবে। তিন বছর চুক্তি শেষে তখন আনসার সদস্যদের বাড়িতে বেকার বা মাঠে কৃষিকাজ করতে হয়। তাই এই চুক্তি বাতিল করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি, সাধারণ আনসারদের চাকরি জাতীয়করণ করে দেন। এই বাহিনী ৭৬ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য যা করণীয়, তখন তাই করে। তারপরও কেন জাতীয়করণ হচ্ছে না। ব্যাটলিয়ন জাতীয়করণ হয়ে গেল। আর সাধারণ আনসাররা কী অপরাধ করেছে, যে এখনো জাতীয়করণ করানো হচ্ছে না। সাধারণ আনসারদের চাকরি জাতীয়করণ না করলে এক দফা দাবি চলবে। এই জাতীয়করণ যতদিন না করা হবে, ততদিন এই এক দফা এক দাবি চলবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার কৃঞ্চপদ, রোকন উদ্দিন, সহকারী প্লাটুন কমান্ডার আবু সাঈদ, সাহেদ আলম, মানসুর আলী, সমন্বয়কারী সাহাবুল, রিপন দাস, রইস উদ্দিন, আনোয়ার হোসেন, মদন দাস, সাধারণ আনসার সদস্য সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, আনারুল ইসলাম, আলাউদ্দিন, উজ্জল, আশরাফ, শাহাবুল, হাবিুল্লাহসহ সকল আনসার সদস্য।
সমীকরণ প্রতিবেদন